মুজারাবানির পরপর দুই বলে পেছনের দিকে মারতে গিয়ে ব্যাটে লাগাতে পারলেন না লিটন দাস। এরপরও নাছোড়বান্দা হয়ে একই শট খেলতে গেলেন পরের বলেও। এবার ব্যাটে বল লাগলেও কোণা স্পর্শ করে ভাঙল স্টাম্প। জিম্বাবুয়ে পেসারের সামনে লিটনের ওই শট অবাক করার মতোই। তার প্রশ্নবিদ্ধ শটে আউটের পর ভালো অবস্থায় নেই বাংলাদেশও।
১৫ বলে ১২ রান করে লিটন ফেরার পর নাজমুল হোসেন শান্ত বোল্ড হন সিকান্দার রাজার বলে। ৪ বলে ৬ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ২ উইকেট হারানোয় পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪২ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-টুয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় রাজার দল। টস পর্বে শান্ত বলছিলেন জিতলে আগে ব্যাটিংই করতেন। চট্টগ্রামে মেঘাচ্ছন্ন দিনে প্রত্যাশা মতো আগে ব্যাটে নামা গেলেও শুরুটা ভালো করতে পারল না তার দল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ সামনে থাকলেও তা কাজে লাগাতে পারছে না টপঅর্ডার।
সিরিজ জয়ের হাতছানি নিয়ে নামা ম্যাচের একাদশে এসেছে দুই পরিবর্তন। স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার শরিফুল ইসলাম খেলছেন না। পরিবর্তে নেমেছেন পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার তানভীর ইসলাম।








