দেশে বাংলাদেশ ক্রিকেট দল যে স্টেডিয়ামেই খেলুক না কেন, প্রায় প্রতিটি খেলায়ই সেখানে দেখা যাবে শফিক তুহিন, মাহমুদ জুয়েল, জয় শাহরিয়ার, জে কে আর কিশোরকে। একই সঙ্গে বসেন। খেলা উপভোগ বলতে যা বোঝায়, তা তাদেরকে দেখে বেশ স্পষ্ট বোঝা যায়।
এবার ক্রিকেটপ্রেমী এই পাঁচ সংগীতশিল্পী ক্রিকেট নিয়ে গান গেয়েছেন। শিরোনাম ‘বাংলার টাইগার’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মাহমুদ জুয়েল। এরই মধ্যে তৈরি হয়েছে গান ভিডিও। পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
জয় শাহরিয়ার জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি’। খেলা চলাকালীন বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে গান ভিডিওটি। পাশাপাশি থাকবে ইউটিউবে। গানটির ভিডিওতে অংশ নিয়েছেন পাঁচ সংগীতশিল্পী। সঙ্গে আরও আছেন মাঠের খুব পরিচিত মুখ টাইগার মিলন।








