দলীয় ১৩ রানের মাথায় লিটন ফিরলে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ফারুকির ওই ওভারেই ফেরেন টাইগারদের অন্য ওপেনার তামিম ইকবাল। পরে একে একে ব্যর্থ হন মুশফিক, ইয়াসির ও সাকিব। ১৫ রানের ব্যবধানে শুরুর পাঁচ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে স্বাগতিক দল।
দীর্ঘ ২১৭ দিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরে বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে টাইগাররা। তাড়া করতে নেমে আফগানিস্তানের পেসার ফজলেহক ফারুকির তোপে পড়ে দল। শেষে সাকিবকে ফিরিয়ে ম্যাচের নাটাই অনেকটা নিজেদের হাতে নিয়ে নেন মুজিবু-উর-রহমানরা।
চট্টগ্রামের সাগরিকায় ২১৬ ছোট লক্ষ্যও বিশাল করে ফেলেছেন টাইগার ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৯ রান। ক্রিজে মাহমুদউল্লাহকে (৪) সঙ্গ দিবেন তরুণ ব্যাটার আফিফ হোসেন (৭)।
টাইগার টপ অর্ডারের শুরুর চার উইকেট তুলেছেন ফজলেহক ফারুকি। টাইগারদের বিপর্যয়ের অন্যতম নায়ক পেসার ফারুকি ৫ ওভারে খরচ করেছেন ১৯ রান। অন্য বোলার মুজিব ৯ রান খরচায় এখনও শিকার করেছেন একটি উইকেট।
এরআগে, সাগরিকার মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। আড়াইশর দিকে ছুটতে থাকা আফগানিস্তান মাঝের দিকের ছন্দ হারিয়ে ৪৯.১ ওভারেই গুটিয়ে যায়।








