পর্দা উঠল কান উৎসবের

জমকালো আয়োজনে পর্দা উঠেছে বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের। বিশ্ব চলচ্চিত্রের ৬৯তম আসরের এ মিলনমেলা শুরু হয় ফ্রান্সের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১০মিনিটে)।
এবার উৎসবের উদ্বোধন করেন গত আসরের সেরা অভিনেতা ফরাসি তারকা ভিনসেন্ট লান্দন ও মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। এর আগে মঞ্চে হাজির হন এবছরের নয়জন বিচারক।
শুরুতে আসেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন ডান্সট। তারপর একে একে হাজির হন ফরাসি পরিচালক ও লেখক আহনু ডিপলিশা, ইরানি নারী প্রযোজক কাতাইয়ু শাহাবি, ডেনমার্কের অভিনেতা ম্যাডস মিকেলসেন, ইতালিয়ান অভিনেত্রী, পরিচালক, লেখক ও প্রযোজক ভ্যালেরিয়া গোলিনো, হাঙ্গেরির পরিচালক ও লেখক লাসলো নেমেস, ফরাসি অভিনেত্রী-গায়িকা ভ্যানেসা প্যারাডিস, কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড।
উদ্ধোধনী অনুষ্ঠানে এবারের আসরে প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে নির্বাচিত বেশকিছু ছবির অংশবিশেষ দেখে মুগ্ধ হন অতিথিরা। 
সবশেষে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী প্রিন্সের প্রতি সম্মান জানিয়ে তার বিখ্যাত গান ‘পার্পল রেইন পরিবেশন করেন কয়েকজন শিল্পী।
বৃহস্পতিবার সাগরপাড়ে সিনেমা ডি লা প্লাজ বিভাগে দেখানো হবে প্রিন্স অভিনীত ছবি ‘পার্পল রেইন।



