টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইল-সিএনজির সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ সিএনজি নদীতে পড়ে পানিতে ডুবে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ত্রিমোহন (বংশাই সেলুঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থী উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি আক্তার (২০)।
নিহতের মা ফরিদা বেগম জানান, আজ তার মেয়ের ভূগোল ২য় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সিএনজি যোগে বাড়ির দিকে রওনা দেয় তারা। পথিমধ্যে ত্রিমোহন এলাকায় পৌঁছালে সামনে থেকে একটি মোটরসাইকেলের সাথে সিএনজির সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি নদীতে পড়ে যায়।
এসময় সাঁতার কেটে সিএনজির ড্রাইভার ও আমি নদী থেকে উঠতে পারলেও আমার মেয়ে উঠতে পারেনি। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আমার মেয়ের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







