প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ এনে এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল এবং আবারো পরীক্ষা নেয়ার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
আগামী ৬ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে ৭ অক্টোবর সারা দেশে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে শুরু থেকেই অভিযোগ করে আসছেন ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের একটি অংশ। ভর্তি পরীক্ষা বাতিল এবং আবার ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুর থেকে শাহবাগে রাস্তা অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানায়, তাদের প্রথম দাবি হলো এই পরীক্ষা বাতিল ঘোষণা করে পুনরায় পরীক্ষা নেওয়া। এবং দ্বিতীয় দাবি হলো যারা এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচার করা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পরীক্ষার্থীদের।
তারা বলেন, আগামীকাল সোমবার সকাল নয়টায় আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। আমরা সবগুলো মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদেরকে এক ঘণ্টার কর্মবিরতি এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এক ঘণ্টার শিক্ষাবিরতি পালন করে এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহবান জানাচ্ছি।
মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে কয়েকটি বাম সংগঠনের মোর্চা।
তারা বলেন, ৬ তারিখের মধ্যে যদি শিক্ষার্থীদের দাবি মানা না হয়। যদি ফাঁসকৃত প্রশ্নের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা না নেওয়া হয় তাহলে ৭ অক্টোবর সারা দেশে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে।
বিকেলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।






