অনুষ্ঠানের আবহ অনেকটাই বদলে গিয়েছিল উচ্চস্বরে উচ্চারিত একটি বাক্যে। ‘পরীকে ইন্ডাস্ট্রি ঠিকমত ব্যবহার করেনি।’ বাক্যটি যখন হয় ‘মনপুরা পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের। তখন বাক্যটির ওজন বেড়ে যায়। ভরা মজলিশে উচ্চস্বরে কথাটি বলে আরাম করে বসতেই চ্যানেল আই অনলাইনের প্রশ্ন, ‘আপনি এটি বিশ্বাস থেকে বলছেন নাকি নিজের ছবির নায়িকার প্রচারণাগত অবস্থান থেকে বলছেন?’ তখন তিনি স্থির কণ্ঠে বলেন, ‘আমি নির্মাতা হিসেবেই বলছি তার মেধাকে ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারেনি। সেটা যদি আমার স্বপ্নজাল মুক্তি নাও পেত তবুও বলতাম।’
সম্প্রতি নায়িকা পরীমণির জন্মদিন অনুষ্ঠানে এসব কথা বলেন গিয়াসউদ্দিন সেলিম। তিনি আরো বলেন, ‘নতুন বছরে ‘স্বপ্নজাল ছবিতে পরীর অনারোপিত সৌন্দর্য এবং শক্তিশালী অভিনয়স্বত্বার প্রকাশ দেখতে পাবে।’
গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে ২০১৮ সালের ফেব্রুয়ারীতে। এর আগে ২০০৯ সালে মুক্তি পায় চঞ্চল চৌধুরী ও পারহানা মিলির অভিনয়ে তার প্রথম পরিচালিত ছবি ‘মনপুরা’। যা সব শ্রেণীর দর্শককে আলোড়িত করেছিল। তার দ্বিতীয় পরিচালনা ‘স্বপ্নজাল’ এর নায়িকা পরীমণি। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
গিয়াসউদ্দিন সেলিমের করা মন্তব্যের বিষয়ে পরীমণি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটা ভাইয়া তার স্নেহের জায়গা থেকে বলেছেন হয়তো। তবে স্বপ্নজাল করতে গিয়ে একটা জিনিস অল্প হলেও বুঝেছি অভিনয় অন্তরের ভেতর থেকে আসতে হয়। তাহলেই যে কোন চরিত্র হয়ে ওঠা যায়। নতুবা সব কিছু আরোপিত মনে হবে।’
পরীমণি আরো বলেন, ‘সবসময় তো স্বপ্নজাল এর মতো চরিত্র মেলে না। সব ধরণের কাজ করতে হয়। তবে সেলিম ভাইদের মত নির্মাতার ছবি মনের ক্ষুধা মেটায়।








