জনসচেতনতামূলক দশ পর্বের টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনায় আসছেন নায়ক রিয়াজ। চ্যানেল আইতে এর আগে গেম শো উপস্থাপনা করেছেন তিনি। ৩০ ডিসেম্বর শনিবার রাত ৮টা থেকে চ্যানেল আইতে শুরু হচ্ছে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক’ ক্যাম্পেইনের এই প্রোগ্রাম।
অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ পরিচ্ছন্নতা বিষয়ে তার নিজের অভিজ্ঞতা বলবেন। পাশাপাশি এ বিষয়ে করণীয় নিয়ে নানামুখি সংক্ষিপ্ত আলোচনা হবে। এই আলোচনায় অংশ নেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর রাজ্জাক, থাকবেন একজন ঢাকা শহরের ভুক্তভুগি ও নিজ উদ্যোগে কাজ করে যাওয়া ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমন । নাটিকা ও আলোচনা ছাড়াও এই অনুষ্ঠানে আরও থাকবে নিজের প্রচেষ্টায় প্রিয় এই দেশকে পরিচ্ছন্ন রাখার কাজ চালিয়ে যাচ্ছেন এমন কিছু মানুষ এবং সংস্থার কথা।
উপস্থাপনা প্রসঙ্গে রিয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কনসেপ্টটি এত চমৎকার তাতে না করার কোন কারণ নেই। আর অনুষ্ঠানের বিষয় পরিচ্ছনতা। তাই এক বাক্যে রাজি হয়েছি উপস্থাপনায়।’
‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ পাওয়ার্ড বাই হারপিক ক্যাম্পেইনের অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া দশ পর্বের অনুষ্ঠানটি প্রতি শনিবার প্রচারিত হবে। দেশের গুরুত্তপূর্ণ স্থাপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, মা ও শিশুর যত্ন ও অন্যান্য স্বাস্থ্যবিধির, সচেতনতাসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্মিত সচেতনতা ও বিনোদনমূলক এই অনুষ্ঠানে সবগুলোতে শিক্ষণীয় নাটিকা রয়েছে।
দেশের সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে দেশব্যাপি চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইন। এর অধীনে সরাসরি প্রশিক্ষণের পাশাপাশি গণমাধ্যম দ্বারাও জনগণকে সচেতন করা হচ্ছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা। সম্প্রতি, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক’ ক্যাম্পেইন থিম সং ‘মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিস্কার’ রিলিজ হয় যা গত ১ সপ্তাহে ২৪ লক্ষ বারেরও বেশি শোনা হয়েছে। গানটি গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট।










