মেয়েদের ফুটবল যখন উড়ছে, ছেলেদের ফুটবল তখন ধুকেই চলেছে! সেটির প্রমাণ মিলল ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসেও। অনূর্ধ্ব-২৩ দলের মোড়কে গড়া বাংলাদেশ ফুটবল দল ৩-০ গোলে হেরে গেছে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের কাছে।
এশিয়ান গেমসের জন্য বাছাইপর্বে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। উজবেকিস্তান ছাড়া গ্রুপের বাকি দুই দল থাইল্যান্ড ও কাতার। প্রথম ম্যাচ হারায় মূল পর্বে যাওয়া একপ্রকার কঠিনই হয়ে গেল বাংলাদেশের জন্য। জেমি ডে’র শিষ্যদের দ্বিতীয় ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে, ১৬ আগস্ট।
মঙ্গলবার পাকান সারি স্টেডিয়ামে প্রথমার্ধেই গোল হজম করে বাংলাদেশ। ২৩ মিনিটে মিডফিল্ডার ইকরোমোজন আলিবায়েভের ক্রস হেডে গোলে রূপান্তর করেন উজবেক অধিনায়ক যাবিখিল্লো উরিনবোয়েভ।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ৫৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন দোস্তনবেক খামদামোভ।
বাংলাদেশের জালে উজবেকদের তৃতীয় গোলটি ইকরোমোজন আলিবায়েভের। দলীয় বোঝাপড়ার ফসল হিসেবে ৬৬ মিনিটে এ মিডফিল্ডারের গোলেই বড় পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের।







