সাবেক সিনিয়র সচিব ও লেখক ডক্টর রণজিৎ কুমার বিশ্বাস পরলোক গমন করেছেন । তিনি সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর ।
তিনি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে ওঠেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি রুম থেকে বের না হওয়ায় জেলা প্রশাসনের একজন কর্মকর্তা তাঁকে ডাকতে যান।
সে সময় ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সার্কিট হাউসের কর্মচারিরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় শোয়া অবস্থায় তাঁর নিথর দেহ দেখতে পান। দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। রণজিৎ বিশ্বাস সর্বশেষ সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। লেখক হিসেবেও তিনি ছিলেন পাঠকনন্দিত। বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তাঁর বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাবেক সিনিয়র সচিব রণজিৎ বিশ্বাসের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।










