রবিবার সকাল সাড়ে সাতটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
এক পুত্র, দুই কন্যা, স্ত্রী এবং অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। অসংখ্য বিষয়ে অগণন প্রবন্ধ রচনা করলেও প্রকাশিত হয়েছে তাঁর একটি মাত্র সনেট সংকলন।
নিভৃতিচারী-নিরহংকার এই সাহিত্য-সাধকের মৃত্যুতে ময়মনসিংহ সাহিত্য সংসদ শোক প্রকাশ করেছে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছে সাহিত্য সংসদ।
তিনি ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রাক্তন সভাপতি। সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে।
কবি ফরিদ আহমদ দুলাল বলেন, অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস ময়মনসিংহ শহরে সাহিত্যের চলমান অভিধান হিসেবে পরিচিত ছিলেন। বাংলা, সংস্কৃত-পালি ও দর্শন তিনটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করার পরও শিক্ষাব্রতী ছিলেন অনেক বিষয়ে।
তিনি বলেন, ময়মনসিংহের সাহিত্যাঙ্গনের অভিভাবক ছিলেন প্রদীপ কুমার বিশ্বাস। সাহিত্যের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে তার শরণাপন্ন হতাম।








