রাজশাহীতে পদ্মা নদীতে বর কনেসহ নৌকাডুবিতে নিখোঁজ ৮ জনের মরদেহ মিললেও এতদিন পাওয়া যায়নি কনেকে। অবশেষে সোমবার সকালে পাওয়া গেল কনে সুইটি বেগমের মৃতদেহ। এ নিয়ে মোট ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।
নৌকাডুবির তিন দিন পর সোমবার সকালে নগরীর শ্যামপুরের পাশে পদ্মা নদীতে তার মৃতদেহ ভেসে উঠে। স্থানীয় জেলেরা লাশ দেখে প্রশাসনকে খবর দেয়। তার মৃতদেহ উদ্ধারের মধ্য দিয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে সমন্বিত উদ্ধারকারী দল।
পদ্মার চরে বর রুমনের বাড়িতে বৌভাত শেষে গত শুক্রবার সন্ধ্যায় বর ও নববধূসহ ৪১ জন যাত্রী নিয়ে দুটি নৌকা কনের বাড়ি ফিরছিল। নগরীর শ্রীরামপুর এলাকায় মাঝনদীতে এলে নৌকা দুটি ডুবে যায়। এ ঘটনায় বর রুমনসহ ৩২ জন শুক্রবার রাতেই জীবিত উদ্ধার হয়। এরপর গত কয়েকদিনে নিখোঁজ ৯ জনের লাশ উদ্ধার হয়েছে।
নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি রবিবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী ও বাতাসের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








