রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের হাত ধরে দিনের দ্বিতীয় ওভারে মিলেছে সাফল্য। রিভিউ নিয়ে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান ডানহাতি পেসার। উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেয়ার আগে করেন ১৪ রান।
দ্বিতীয় ইনিংসে দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছিল স্বাগতিক দল। শনিবার ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তান শেষ করেছিল ১ উইকেটে ২৩ রান জমা করে।
প্রথম ইনিংসে বাংলাদেশের রানের পাহাড়ের পর দ্বিতীয় ইনিংসে চাপে পাকিস্তান। গতকাল ৫ রানে হারায় প্রথম উইকেট। উইকেট পান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
ড্রয়ের দিকে যেতে থাকা ম্যাচে দিনের শুরুতেই শান মাসুকে ফিরিয়ে আশা জাগিয়েছে বাংলাদেশ। পরের ওভারে শরিফুলের বলে আরও একটি উইকেট তুলে নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল টিম টাইগার্স। ক্রিজে আসা বাবর আজমের ব্যাট ছুঁয়ে যাওয়া বল লিটন গ্লাভসে জমাতে পারেননি। বাবরের তখন রান ছিল শূন্য। বাবরকে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরিয়েছিলেন শরিফুলই।







