বিশ্বকাপের প্রস্তুতি প্রায় সারা। এমন মুহূর্তে নতুন এক ঝামেলায় তটস্থ রাশিয়ার বিশ্বকাপ কর্তৃপক্ষ। বুধবার দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ বিশ্বকাপ চলাকালীন সময়ে ভেন্যুগুলোতে হামলা করতে পারে পঙ্গপালের দল।
এমনটি ঘটলে রাশিয়ার জন্য কেলেঙ্কারিই হবে বলে আতঙ্কে আছেন আয়োজক দেশটির কৃষি মন্ত্রী পিওতর চেকমারেভ।
রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামজুড়ে চলবে বিশ্বকাপের ম্যাচগুলো। আসর বসবে গ্রীষ্মকালে। এসময়টা রাশিয়ার কৃষি মৌসুম। অন্যদিকে খেলার মাঠও সবুজ। তাই ফসলের পাশাপাশি মাঠেও পঙ্গপালের দল হামলা করতে পারে বলে আশঙ্কা কৃষি মন্ত্রণালয়ের।
‘পুরো বিশ্বের মানুষ এখানে খেলা দেখতে আসবে। ফুটবলের মাঠ তো সবুজ। পঙ্গপালেরা সবুজই পছন্দ করে। যেখানে সবুজ আছে সেখানে আক্রমণ না হয় কীভাবে?’ -আতঙ্কের স্বরে এমনটাই জানাচ্ছেন চেকমারেভ।
সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদ স্টেডিয়াম ও সংশ্লিষ্ট অঞ্চল। কারণ সবুজের সমারোহ সেখানেই বেশি!
পুরো বিশ্ব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মত বৃহত্তর সামরিক শক্তিকে অস্ত্রের ঝনঝনানিতে চোখ রাঙ্গালেও পঙ্গপালের মত প্রাকৃতিক শক্তিকে কীভাবে সামাল দেয় রাশিয়া সেটাই এখন দেখার বিষয়।








