বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের জন্মদিন ১১ অক্টোবর। এদিন পঁচাত্তরে পা রাখলেন তিনি। তার দীর্ঘ বলিউড ক্যারিয়ারে তিনি শুধু সাফল্য এবং তারকা খ্যাতিই অর্জন করেননি, পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা।
বর্ণাঢ্য এক জীবন পার করছেন এই কিংবদন্তি। ১৯৪২ সালে ভারতের এলাহাবাদে এক হিন্দু শিখ পরিবারে জন্ম হয়েছিল তার। অমিতাভের পিতা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা কবি ছিলেন। অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন ফৈসলাবাদের অভিনয়ে খুব আগ্রহ ছিল। কিন্তু সংসার এবং সন্তানদের সামলাতে গিয়ে তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও ছেড়ে দেন। আর তাই ছেলেকে অভিনয়ের ব্যাপারে সবসময়ে উৎসাহ দিয়েছেন তিনি।
স্নাতক শেষ করে কোলকাতার ব্ল্যাকার এন্ড কোং নামে জাহাজ কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। কিন্তু অভিনেতা হওয়ার উদ্দেশ্যে মাত্র বিশ বছর বয়সে কাজে ইস্তফা দেন। এরপর নানা চড়াই উৎরাই পার হয়ে ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অমিতাভ বচ্চন প্রথম বারের মতো অভিনয়ে অভিষেক করেন। সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তিনি রাজেশ খান্নার সঙ্গে আনন্দ (১৯৭১) ছবিতে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিক সফলতা পেয়েছিল সেই সঙ্গে অমিতাভ বচ্চনের অভিনয়ও প্রশংসিত হয়েছিল। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিতে থাকেন তিনি যার মধ্যে জঞ্জীর, বাবুর্চি, অভিমান, দিওয়ার, শোলে, কভি কভি, অমর আকবর অ্যান্থনি, মুকাদ্দর কা সিকান্দর, ত্রিশূল, সিলসিলা, কুলি, শাহানশাহ ইত্যাদি উল্লেখযোগ্য।
২০০০ সালের পর থেকে নায়ক হিসেবে তাকে দেখা না গেলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে সাফল্য অর্জন করেন তিনি। এর মধ্যে মোহাব্বতে, রিশতা:দা বন্ড অফ লাভ, কভি খুশি কভি গম, বাগবান ছবিতে তাকে দেখা যায় পরিবারের ভূমিকায়। এরপর আক্স , আঁখে, খাকি, দেব, দিওয়ার, ব্ল্যাক, পা ছবিতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে।
ধীরে ধীরে রুপালি পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেয়া শুরু করেন অমিতাভ বচ্চন। ২০০০ সালে কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হিসেবে ছোট পর্দায় দেখা যায় তাকে। এই রিয়্যালিটি শো এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বিগ বস ৩-এর সঞ্চালক হিসেবেও দেখা যায় তাকে। বর্তমানে অমিতাভ বচ্চন ব্যস্ত আছেন যশরাজ ফিল্মসের ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং নিয়ে। ছবিতে আরও আছেন আমির খান এবং ক্যাটরিনা কাইফ।
এবছর অমিতাভ বচ্চন জন্মদিনের উৎসব পালন করছেন না। খুব সাদামাটা ভাবেই জন্মদিন পালন করছেন অমিতাভ। সম্প্রতি শোনা যাচ্ছে, জন্মদিনে ভারতে থাকছেন না অমিতাভ। পরিবারের সদস্যদের নিয়ে মালদ্বীপ ভ্রমণে গিয়েছেন তিনি। ১০ তারিখেই বচ্চন পরিবার পৌঁছে গিয়েছেন মালদ্বীপ। সেখানেই জন্মদিনের দিনটা সাধারণ ভাবে কাটাবেন তিনি।









