ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে ঢাকা সিটির ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং উত্তরে আতিকুল ইসলাম দু’জনেই সোমবার নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন আজ।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সোমবার পুরান ঢাকার ডেমরা এলাকায় প্রচারণা চালান।
সেসময় তিনি বলেন: ‘বিএনপি সন্ত্রাসের মাধ্যমে ব্যালটকে দখল করতে চাচ্ছে। আমি আশাবাদী ব্যালটই সেখানে কথা বলবে। বিএনপি সন্ত্রাসের নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। এই সন্ত্রাসী দলের গতকাল বঃহিপ্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারা ভয়-ভীতির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করতে চাচ্ছে।’
সেসময় তিনি আহ্বান জানান ভোটারররা যাতে কোনোভাবে ভয়-না পায় এবং ভোটকেন্দ্রে উপস্থিত হয়।
ফজলে নূর তাপস বলেন: গতকালের ঘটনায় আমি কিছুটা আশ্চর্য হয়েছি এবং আতঙ্কিত বোধ করছি। গতকালই আমার কর্মীদের নির্দেশ দিয়েছি সহনশীলতা ও ধৈর্যের সাথে তারা যেন নির্বাচনী প্রচারণা চালিয়ে যায়। আমরা খুব আশাবাদী। নৌকার বিজয় সুনিশ্চিত।
আওয়ামী লীগের মনোনীত উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরায় তার নির্বাচনী প্রচারণায় বলেন: আমার নির্বাচনী প্রতিশ্রুতি কোনো স্বপ্ন না, এটি বাস্তব হবে। আমরা মনে করি একটি সেম লেভেল প্লেয়িং ফিল্ড। এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে। সবাই অংশ নেবে। সবাই এসে যার যার ভোটের অধিকার বাস্তবায়ন করবে।
তিনি বলেন: জনগণ বুঝবে কাকে ভোট দিতে হবে। কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। জনগণ বুঝবে নৌকার কোনো বিকল্প নাই।
উৎসবের আমেজে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বিধি সম্মতভাবেই প্রচারণা চালাতে চান বলে জানান ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী।
দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের বাইরেও জাতীয় পার্টিসহ স্বতন্ত্র মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগ চালান।









