উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নৌকার আইভীকে আবারো ভোট দিতে নারায়ণগঞ্জবাসী প্রস্তুত।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থীরা। বেলা ১১টায় নারায়ণগঞ্জের বিভিন্ন পেশার ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সদ্য বিদায়ী মেয়র ডা. আইভী। বলেন, পাঁচ বছর আগে ব্যক্তি আইভীকে নয়; আওয়ামী লীগের আইভীকে সাধারণ মানুষ যে গণরায় দিয়েছিলো এবারও জনতা সেই রায় দেবে।
তিনি আরো বলেন, কোনো দল পরিবর্তন হচ্ছে না। ক্ষমতার কোনো পরিবর্তন হচ্ছে না। নারায়ণগঞ্জবাসী নৌকাকে বা আমাকে জয়যুক্ত করলে আমি আসবো। তা না হলে অন্য কেউ আসবে। এখানে শুধু ব্যক্তি পরিবর্তন হচ্ছে। ক্ষমতার বা দলের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং আমি মনে করিনা এখানে জাতীয় পর্যায় কোনো প্রভাব ফেলবে।
এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৮ আর সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর, ভোট হবে ২২ ডিসেম্বর।










