নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারী আলাউদ্দিন আলোকে (২২) গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে লক্ষ্মীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার মনু বেপারি বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে।
জানা যায়, গত ১৬ মে দুপুরে স্কুলছাত্রী বিদ্যালয়ে ক্লাস শেষে বাসায় ফিরছিল। পথে ওই ছাত্রী লক্ষ্মীপুর সদর প্রাইমারী ট্রেনিং ইনিস্টিটিউট সংলগ্ন উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সামনে পৌঁছালে আলাউদ্দিন ও তার সহযোগী সালাউদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ১৮ মে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার করিমপুর মনু বেপারি বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী আলোকে গ্রেপ্তার এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্কুলছাত্রীকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।








