নেপাল ট্র্যাজেডি: বৈঠক শেষে মরদেহ ও আহতদের দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা ইস্যুতে দেশটির সেনাপ্রধান রাজেন্দ্র ছেত্রির সঙ্গে বৈঠক চলছে বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের।
দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে নেয়া এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বৈঠকে। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ ব্যাপারে দু’দেশের সিদ্ধান্ত জানানো হবে।
ইতোমধ্যেই ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তাদের স্বজনরা। নেপালের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের অবস্থা খুবই নিম্নমানের বলে অভিযোগ তাদের।
স্বজনদের মতে, বাংলাদেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রের তুলনায় নেপালের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের অবস্থা খুবই খারাপ। সেখানে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না দুর্ঘটনায় আহতরা। কিন্তু কর্তৃপক্ষ আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে, এমনকি বাংলাদেশেও ফিরিয়ে নেয়ার অনুমতি দিচ্ছে না।
তাই স্বজনদের সঙ্গে নেপালে জরুরি ভিত্তিতে সফরে গেছেন শাহজাহান কামাল। তিনি বলেন, বাংলাদেশ চাইলেও নিজস্ব নিয়মকানুন যথাযথভাবে পালন না করে নেপাল মরদেহ দেশে নিতে দেবে না। তাই প্রক্রিয়াটি যেন দ্রুত সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে হস্তান্তর করা যায় এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেজন্য নেপালের সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক আয়োজন করা হয়েছে।
বৈঠক শেষে বিমানমন্ত্রী টিচিং হসপিটালে দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো পরিদর্শনে যাবেন। সেখানেই সবগুলো মরদেহ রাখা আছে।







