বিশ্বকাপ বাছাইয়ে ১২ গোল হয়ে গেল নেইমারের। আর কোনো ব্রাজিলিয়ানের এটা নেই। দলের সেরা তারকার দারুণ অর্জনের দিনে গোল করেছেন এভারটন রিবেইরোও। পেরুর বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে টিটের ব্রাজিল।
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে পেরুকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দুই গোলই প্রথম অর্ধে করা।
এই জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্টের ব্রাজিল শীর্ষস্থান সুসংহত করল লাতিন টেবিলে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। তিনে উরুগুয়ে ১৫ পয়েন্টে। চারে ইকুয়েডর ও পাঁচে কলম্বিয়া ১৩ পয়েন্ট করে নিয়ে।
ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় সেলেসাওরা। নেইমারের যোগান দেয়া বলে গোল আনেন রিবেইরো।
বিরতির আগে, ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। রিবেইরোর শট প্রতিপক্ষ রক্ষণে প্রতিহত হয়ে ফিরলে ওঁত পেতে থাকা নেইমার ফিরতি শটে জাল খুঁজে নেন।
মধ্যবিরতির পর আক্রমণাত্মক খেলা ধরে রাখে ব্রাজিল। নেইমার প্রতিপক্ষ গোলমুখে ভীতি ছড়িয়েছেন কয়েকবার। বাইসাইকেল কিক করেছেন। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেননি।







