চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ক্লাবকে বানিয়েছেন বিশ্বসেরা। গোল করে নয়, গোল ঠেকিয়েও যে সেরা হওয়া যায় আরেকবার তার প্রমাণ রাখলেন অ্যালিসন বেকার। ক্লাব সতীর্থ ফিরমিনো ও পিএসজির নেইমারকে পেছনে ঠেলে ইউরোপের সেরা ব্রাজিলিয়ানের পুরস্কার সাম্বা ডি’অর জিতেছেন লিভারপুল গোলরক্ষক।
লিভারপুলের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন অ্যালিসন। জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা।
ফলাফল, ৩৫.৫৪ শতাংশ ভোট পেয়ে সেরা হয়েছেন অ্যালিসন। দ্বিতীয় হয়েছেন তার লিভারপুল সতীর্থ ফিরমিনো। যার পক্ষে ভোট পড়েছে ২৩.৪৮ শতাংশ।
তৃতীয়-চতুর্থ স্থানে জায়গা হয়নি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারের। মাত্র ৭.৫৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন পিএসজি ফরোয়ার্ড। তৃতীয় হয়েছেন নেইমারের পিএসজি সতীর্থ থিয়াগো সিলভা। চারে লিভারপুল মিডফিল্ডার ফ্যাবিনহা।
২০১৮ সালে সম্মানজনক এ খেতাব জিতেছিলেন ফিরমিনো, অ্যালিসন হয়েছিলেন তৃতীয়। ২০১৭ সালে খেতাব গিয়েছিল নেইমারের ঝুলিতে, ২০১৬ সালের সেরা ফিলিপে কৌতিনহো।







