কাইলিয়ান এমবাপে ছিলেন না। নেইমার-এডিনসন কাভানিরা ছিলেন। কিন্তু গোল পাননি। এ দুজনের গোল ছাড়াও অবশ্য বড় জয়ই পেয়েছে পিএসজি।
লিগ ওয়ানে রেনেঁর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গোল পেয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া, থমাস মুনিয়ের ও এরিখ ম্যাক্সিম মতিং।
জয়ের ম্যাচে শুরুতে রেনেঁর মাঠে পিছিয়ে পড়ে পিএসজি। সেটিও আবার নিজেদের জালে জড়ানো গোলে। ম্যাচের ১১ মিনিটে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের শট আদ্রিয়ান রাবিওতেঁর গায়ে লেগে বল ঠাই নেয় পিএসজির জালে।
সেই গোল পিএসজি শোধ দিয়েছে একদম ৪৫ মিনিটে। উইলিয়ান ড্রাক্সলারের নিচু ক্রস কাভানির পা ঘুরে ডি মারিয়ার পায়ে পড়লে গড়ানো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার।
পিএসজির দ্বিতীয় গোলটিতে সরাসরি অবদান নেইমারের। ৬১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বানিয়ে দেয়া বল নিচু শটে ফিনিশিং দেন মুনিয়ের। আর ৮৩ মিনিটে মুনিয়েরের পাস থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এরিখ ম্যাক্সিম।









