নেইমার ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে এখনো অন্ধকারে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এবং পিএসজির মেডিকেল টিম।
লাসমার জানিয়েছেন, তিনি এবং পিএসজির চিকিৎসকরা সার্বক্ষণিক নেইমারকে দেখাশোনা করছেন। তবে এখনই বলতে পারছেন না তার শতভাগ সুস্থ হতে আর কতদিন লাগবে।
গত মাসে পিএসজির মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে।
অস্ত্রোপচারের আগে সার্জন লাসমার বলেছিলেন, অপারেশনের পর নেইমারের সুস্থ হতে ৭৫ থেকে ৯০ দিন লেগে যাবে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ফেরার বিষয়ে নির্দিষ্ট তারিখ বলতে চাননি, ‘নেইমার দ্রুত ফিরতে চায়। কিন্তু অপারেশনের পরে পরবর্তী পরীক্ষার জন্য আমরা ছয় সপ্তাহের একটা সময় নির্ধারণ করি। সামনে আবার পরীক্ষা করে দেখতে হবে। তখন দিনক্ষণ বলা যাবে।’








