‘আমি চাই না এটা নেইমারের বিশ্বকাপ হোক, চাই এই বিশ্বকাপটা হোক ব্রাজিলের।’ কথাটা সেলেসাওদের কোয়ার্টারে তোলার নায়ক নেইমারের।
ম্যাচসেরা পারফরম্যান্সের পর তার দিকে প্রশ্ন ছুটে গিয়েছিল মেসি-রোনালদোর বিদায়ের পর এটা নেইমারের বিশ্বকাপ হতে যাচ্ছে কিনা? জবাবটা নিজ ঢংয়েই দিয়েছেন ব্রাজিল দলের নিউক্লিয়াস। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ‘ব্যক্তির চেয়ে দল অনেক বড়।’
সোমবার মেক্সিকোকে ২-০তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালের টিকিট কাটতে পরীক্ষা দিতে হবে বেলজিয়ামের বিপক্ষে। ম্যাচের পর মেসি-রোনালদোর প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে ব্রাজিলের হেক্সা মিশন সফল করতে দল হয়ে খেলার কথাই মনে করিয়ে দেন নেইমার।
মেক্সিকোর বিপক্ষে এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করেছেন নেইমার। পরে ফিরমিনোর করা দ্বিতীয় গোলটিরও কারিগর তিনি। কয়েকসপ্তাহ আগেই দীর্ঘ চোট পুনর্বাসনের পর ফিরেছেন। ফিরে গোল পাচ্ছিলেন। তবে যে নেইমারকে সবার চেনা, খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই ছন্দটা। নক আউটের প্রথম ম্যাচে দেখা মিলেছে চেনা নেইমারেরই। পথটা অবশ্য সহজ ছিল না।
‘কঠিন কয়েকমাসের পর মাত্রই চোট থেকে ফিরেছি। এখানে আসতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আমি মনে করি সময়টা ছিল দেশকে প্রতিনিধিত্ব করতে চাওয়ার ধৈর্য ও ইচ্ছাশক্তির পরীক্ষার। আমি সতীর্থদের সাথে আরও একবার বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম।’








