নেইমারকে ঘিরে ক্রমেই জমে উঠছে নাটক। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে নাটকের নতুন সংযোজন কাসেমিরো। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে নেইমারকে আমন্ত্রণ জানিয়েছেন তার জাতীয় দল সতীর্থ।
বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজি যাওয়ার গুঞ্জনে এমনিতেই মাথা ভারী হয়ে রয়েছে কাতালান সমর্থকদের। এরইমধ্যে গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন এমন একজন যিনি কিনা খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের হয়ে!
সোমবার যুক্তরাষ্ট্রের গ্লোবোস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে নিজের ইচ্ছাটা খোলামেলা ভাবেই জানিয়েছেন কাসেমিরো। জাতীয় দলের প্রিয় সতীর্থ নেইমারকে নিজ ক্লাব রিয়াল মাদ্রিদে দেখতে পারাটা দলের সবার জন্য সুখকর হবে বলেই বিশ্বাস লস ব্লাঙ্কোসদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।
জিদানের এই রক্ষণ সেনানী কথায়, ‘কেন নেইমার রিয়ালে খেলবে না? সে আমাদের ক্লাবে এলে তাকে স্বাদরেই বরণ করে নেয়া হবে।’
নেইমারকে গলানোর ভালো পন্থাই অনুসরণ করেছেন কাসেমিরো। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে তার বাবাকেও প্রশংসা করতে ভোলেননি, ‘নেইমার অসাধারণ একজন খেলোয়াড়। তার বাবাও অসাধারণ একজন মানুষ। এ কারণেই সে একজন ভালো ফুটবলার হয়ে উঠতে পেরেছে।’







