কোস্টারিকার বিপক্ষে শেষ মুহূর্তের দুই গোলের একটি এসেছে নেইমারের পা থেকে। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। মাঠে হাঁটু গেড়ে বসে ঝরিয়েছেন অশ্রু। ছেলের চোখের সেই জল ছুঁয়ে গেছে নেইমারের বাবাকেও!
সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি নেইমার ঝলক। সদ্যই চোট থেকে ফিরেছেন। এরপরও নিস্তার মেলেনি, অন্তত ১০বার তাকে ফাউল করেছেন সুইস খেলোয়াড়রা। বারবার মাঠে পড়ে যাচ্ছিলেন, এমন অভিযোগে সমালোচনা করতে ছাড়েননি সমর্থকরাও। চুলের নতুন স্টাইল নিয়েও নেইমারকে ঘিরে ট্রল করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মাঠে এবং বাইরে; চারিদিক থেকে এভাবে ধেয়ে আসা আক্রমণই অসহ্য হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের কাছে। গোল করে তাই মাঠেই কেঁদেছেন। সেটা দেখে মাঠের বাইরে থেকে ছেলের চোখের জল বন্ধ করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সিনিয়র নেইমার।
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোস্পোর্তকে মোবাইল বার্তা পাঠিয়েছেন সিনিয়র নেইমার। তাদের মাধ্যমে ভক্তদের অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে যেন সমালোচনা থেকে নিস্তার দেয়া হয় তার প্রিয় জুনিনহোকে। বাবার কাছে নেইমারের ডাকনাম এটিই।
‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, দয়া করে এবার শান্ত হও। অন্যকে অপমান করা থেকে বিরত থাকো। যদি তোমরা সত্যিই জুনিনহোকে ভালোবাসো, তবে সেটা ইতিবাচকভাবে করো।’








