কয়েকদিন আগে খবর বের হয়, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম ভেঙে বাড়তি সুবিধে নিয়েছে পিএসজি। তাতে বলা হয়, শাস্তিস্বরূপ জরিমানা বা নিষেধাজ্ঞায় পড়তে পারে ফরাসি জায়ান্টরা। এমনকি নেইমার ও কাইলিয়ান এমবাপেকে ছেড়েও দিতে হতে পারে প্যারিস সাঁ সাঁকে।
সেই ভয় থেকেই কিনা নেইমারকে বেচে দেয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি। ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেয়ার খবর জানালেও কারণ যে আসলে সেটাই তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ হিসেবে ইএসপিএন ফুটবল জানাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গোলকিপার ডেভিড ডি গিয়াকে দলে নিতে নেইমারকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
এই মৌসুমে জিয়ানলুইসিজ বুফনকে দলে টানলেও তার বয়স বিবেচনায় নতুন গোলকিপার খুঁজছে পিএসজি। এই সময়েই আবার ম্যানইউ’র সঙ্গে নতুন চুক্তিতে সই করেননি ডি গিয়া। তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসছে গ্রীষ্মে। বলা হচ্ছে, ওল্ড ট্রাফোর্ড থেকে দূরে সরে যেতে চাইছেন বলেই স্প্যানিশ একনম্বর কিপারকে প্রধান টার্গেট করেছে পিএসজি।
ডি গিয়াকে দলে নিলে কত বেতন দেয়া হবে সেটাও নির্ধারণ করেছে পিএসজি। সপ্তাহে তিনি বেতন পাবেন ৩ লাখ ইউরো। যা তাকে বিশ্বের সর্বোচ্চ বেতনধারী গোলকিপার বানিয়ে দেবে।
তবে ডি গিয়াকে পেতে হলে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়মে আগে বড় অঙ্কে একজন খেলোয়াড়কে বেচতে হবে পিএসজিকে। আর এই ক্ষেত্রে সেই খেলোয়াড় হতে পারেন ২০১৭তে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে কেনা নেইমারই।
এর অবশ্য কারণও আছে। ব্রাজিলিয়ান সুপারস্টার নিজেই পিএসজি ছাড়তে চান। তার সম্ভব্য গন্তব্য, ক্রিস্টিয়ানো রোনালদোর ছেড়ে আসা রিয়াল মাদ্রিদের শূন্যতা পূরণ অথবা ন্যু ক্যাম্পে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে পুনর্মিলিত হওয়া।









