রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে বুধবার মাঠে নামবে ব্রাজিল। মস্কোর স্পার্টার্ক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে পোস্টারবয় নেইমারকে ঘিরে ভিন্ন পরিকল্পনা করছেন কোচ টিটে। শুরুর একাদশে খেলানোর ইঙ্গিত দিয়েছেন উঠতি তারকা ফিরমিনোকে।
প্রথম দুই ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন টিটে। ফরোয়ার্ডে একা ছিলেন জেসুস। মাঝমাঠে কৌতিনহো এবং উইলিয়ানের সঙ্গে ছিলেন নেইমার। বুধবার সার্বিয়ার বিপক্ষে বদলে যেতে পারে ছবিটা। নেইমারকে দেখা যেতে পারে ফরোয়ার্ড পজিশনে। আর সেলেসাও কোচের ভাবনায় জেসুসের বদলে শুরু থেকে রবের্তো ফিরমিনোকে খেলানোর।
টিটে চান লিভারপুলের মতো ব্রাজিলের হয়েও বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠুক ফিরমিনো। তাতে আক্রমণের ঝাঁঝ বাড়বে। দ্বিতীয়ত, পিছনে ফিরমিনো ও কৌতিনহো থাকলে ছন্দে ফেরা নেইমার গোল করার জন্য আরও বেশি করে বল পাবেন।
টিটে সার্বিয়ার বিপক্ষে প্রথম একাদশে উইলিয়ানকে খেলানোর পক্ষে নন। চেলসির হয়ে গত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন উইলি। বিশ্বকাপে আছেন ছায়া হয়ে। তাই সার্বিয়ার বিপক্ষে তাকে ছাড়াই প্রথম একাদশ গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ডগলাস কস্তা চোটে ছিটকে যাওয়ায় উইলিয়ানকে বাদ দেয়ার ভাবনা আপাতত স্থগিত রেখেছেন।
সার্বিয়া ম্যাচের আগে চেলসি তারকাকে উদ্বুদ্ধ করতে টিটের সহকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত উইলিয়ানকে সেরা ছন্দে পাওয়া যায়নি। সার্বিয়ার বিপক্ষেই হয়ত স্বমহিমায় দেখা যাবে তাকে।
বিশ্বকাপের দুই ম্যাচে ব্রাজিল তিন গোল করেছে। খেয়েছে একটি। তাতে ডিফেন্ডারদের পারফরম্যান্সে বেশ খুশিই কোচ টিটে।







