ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ডাকসু ভবনের ভেতরে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের আটক দুই নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ।
রোববার দুপুর পৌনে ১টায় ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ যৌথ হামলা চালায়। প্রায় আধঘণ্টা চলে মারপিট। এতে ভিপি নুরসহ আহত হন অন্তত ১৫ জন।
হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে সোমবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। এই দুইজনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডাকসু ভিপি নুরের ওপর বারবার কেন হামলা হচ্ছে তা জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী।








