কারা অধিদপ্তরের মহাপরিদর্শক জানিয়েছেন, অনুপ চেটিয়াসহ তিন ভারতীয়কে ভোরে কাশিমপুর কারাগার থেকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশসহ ৪ মামলায় আটক ভারতের উলফা নেতা অনুপ চেটিয়া ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকেই মুক্তিপ্রাপ্ত বন্দী হিসেবে নিরাপত্তা হেফাজতে ছিলেন। কারাগারের নিয়মানুযায়ী ‘রিলিজ প্রিজনার’ হিসেবে তাকে মুক্তি দেয়া হয়।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকারউদ্দিন জানান, তিনি ভারতে ফিরে যাওয়ার আবেদন করায় তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে অনুপকে হস্তান্তর প্রক্রিয়ার বিস্তারিত জানান আইজি প্রিজন।
তিনি জানান, আজ (বুধবার) ভোরে ভারতীয় হাইকমিশনারের কাছে অনুপ চেটিয়াকে তার দুই সহযোগীসহ হস্তান্তর করা হয়েছে। কারাগার থেকে ‘রিলিজ প্রিজনার’হিসেবে অন্যান্য বন্দীদের যেভাবে মুক্তি দেয়া হয় সেই একই প্রক্রিয়ায় অনুপ চেটিয়াকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
কারা মহাপরিদর্শক আরো জানিয়েছেন, অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মোট তিনটি মামলা ছিলো। সেসব মামলায় তারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে সাজার সর্বোচ্চ মেয়াদ ছিলো সাত বছর।






