প্রথম ওভারেই দুই উইকেট তুলে সাকিব যে ধাক্কাটা দিলেন, সেটি আর কাটিয়ে উঠতে পারল না জিম্বাবুয়ে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ইনিংস তাতে শেষ হয়েছে দুইশর আগেই। ১৭১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নামবেন তামিম-বিজয়।
সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পরে বোলিং করতে না চাওয়ার ইচ্ছেটা পূরণ হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার। টস জিতে আগে বোলিং নিতে ভুল করেননি টাইগার অধিনায়ক। নতুন বল হাতে পেয়ে সাকিব আল হাসান প্রথম ওভারেই ফিরিয়ে দেন সলোমন মায়ার, ক্রেইগ আরভিনকে। দুই ব্যাটসম্যানই ফেরেন রানের খাতা খোলার আগেই।
পরে অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা (১৫) ফেরেন মাশরাফীর বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে জমা পড়ে।
৩০ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা অতিথিরা ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজার জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা চালায়। মোস্তাফিজুর রহমানের মায়াবী কাটার সেটি সফল হতে দেয়নি। দলীয় ৫১ রানের মাথায় দারুণ এক কাটারে টেলরকে বোকা বানান ফিজ। ইনকাট হয়ে আসা বলটি ব্যাটের কাছে আসতেই বেরিয়ে যেতে থাকে বাইরের দিকে। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। তিন বছর পর জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নামা টেলর ফেরেন ২৪ করে।
নতুন বছরের প্রথম ম্যাচে নিজের চেনা অস্ত্র কাটার ভালভাবেই ছুড়েছেন মোস্তাফিজ। তার কাটারে বারবার বিপর্যস্ত হতে হয়েছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।

শুরুতে কাটারের মুখে ধুঁকলেও রাজার ব্যাটেই এসেছে সফরকারী ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ ৫২ রান। ৯৯ বলের সংগ্রামী ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছয়ের মার। তাতেই ৪৯তম ওভারে গুটিয়ে যাওয়ার সময় ১৭০ পর্যন্ত পৌঁছাতে পারে জিম্বাবুয়ে।
প্রথম স্পেলে ৮ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেয়া সাকিব ডেথ ওভারে পান জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের উইকেট। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার এ বাঁহাতি স্পিনার।
মাশরাফী ৯ ওভারে ২৯ রানে নিয়েছেন একটি উইকেট। ১০ ওভারের কোটা শেষ করে ২৯ রানে একটি উইকেট নেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

প্রথম স্পেলে চার ওভার বল করে উইকেটহীন ছিলেন রুবেল হোসেন। ইনিংসের শেষ দিকে নিজের পঞ্চম ওভার করতে এসে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। লেজ ছেঁটে দেন এ পেসার, ঝুলিতে ২৪ রানে দুই উইকেট।
শেষ উইকেটি মোস্তাফিজের। বোল্ড করেন জার্ভিসকে। ১০ ওভারে এক মেডেনে ২৯ রানে ২ উইকেট ফিজের।








