তামিমের সেই সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ। ম্যাচসেরা হওয়ার জন্য সাকিবের অর্ধেক কাজ সেরে রাখা। মুশফিকের কিছুটা সাহায্য। তিন সিনিয়র ক্রিকেটারের প্রতিদিনের এমন ছবিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ২১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বোলারদের এদিন দারুণ গোছানো মনে হয়েছে। বিশেষ করে ওভার দ্য উইকেটে অফস্টাম্পের বাইরের জোন এবং রাউন্ড দ্য উইকেটে বডিলাইনে সবাই নিয়ন্ত্রিত ছিলেন। অন্যদিকে লোয়ার-মিডল অর্ডারে বাংলাদেশের সবাই যারপরনাই ব্যর্থ।
তামিম ১০৫ বলে ছয়টি চারে ৭৬ রান করেন। আগের দুই ম্যাচে করেছিলেন ৮৪*, ৮৪। শুরুতে বিজয় এক রানে এলবিডব্লিউ হওয়ার পর সাকিবকে নিয়ে হাল ধরেন দেশসেরা ওপেনার। ১০৬ রানের জুটি গড়েন দুজনে। ওই সময়ে টানা ৭২ বলে তাদের কোনো বাউন্ডারি মারতে দেননি প্রতিপক্ষ বোলাররা।
তামিমকে রেখে সাকিব ফেরেন ২৮তম ওভারের প্রথম বলে। সিকান্দার রাজার বলে স্টাম্পিং হওয়ার আগে ৮০ বলে ৫১ করে যান। তিনিও চার মারেন ছয়টি। কোনো ছয়ের মার নেই।
প্রথম ম্যাচে তিন উইকেট নেয়ার পাশাপাশি ৩৭ করেছিলেন সাকিব। পরের ম্যাচে ৬৭ করার পাশাপাশি আবার তিন উইকেট নেন। দুদিনই ম্যাচসেরা হন।
মুশফিক দ্বিতীয় ম্যাচে অর্ধশতক (৬২) পেলেও এদিন অল্প একটু সাহায্য করে ফিরেছেন। প্রিয় স্লগ সুইপে ফাইনলেগে ধরা পড়ার আগে ২৫ বলে ১৮ করে যান। এরপর আর কেউ সেভাবে থিতু হতে পারেননি।
ঘরোয়া লিগে গত মৌসুমে দারুণ ব্যাট করা নাসির আগের ম্যাচের মতো ব্যর্থ। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক। এদিন করেন ৮ বলে ২।
রিয়াদেরও একই অবস্থা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২৪ করেছিলেন। এদিন ফিরেছেন ৭ বলে ২ করে।
মিডল, লোয়ার অর্ডারের এই দুর্দশায় সাব্বিরও থিতু হতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করার সুযোগ পেয়ে ২৪ রানে অপরাজিত ছিলেন। মঙ্গলবার ১১ বলে ৬ করে পথ ধরেন। শেষ দিকে অধিনায়ক মাশরাফী রানের খাতা খোলার আগেই ক্রেমারের বলে স্টাম্পিং হন।
দুইশ পার হয় টেলএন্ডার মোস্তাফিজ এবং রুবেলের ব্যাটে। ফিজ ২২ বলে ১৮ করেন। ৪ বলে ৮ করেন রুবেল।
জিম্বাবুয়ের লেগব্রেক গুগলি বোলার গ্রায়েম ক্রেমার একাই নিয়েছেন চার উইকেট। তিনজনকে ফেরান ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার জার্ভিস।
জিম্বাবুয়ে এদিন ছয় বোলার ব্যবহার করে। ৪২’র উপরে কেউ রান দেননি। জার্ভিস ৯ ওভার হাত ঘুরিয়ে এই রান খরচ করেন। ১০ ওভারে ক্রেমার দেন ৩২। সিকান্দার রাজা দেন ৩৯।







