মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানকালে নিহত মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শুনেছি সে জঙ্গিদের প্রশিক্ষক ছিল। সে ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে একজন ছিল। তার বিস্তারিত পরিচয় সম্পর্কে জানার চেষ্টা চলছে।’
শুক্রবার রাতে অভিযানকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের কাছে গ্রেনেড, পিস্তল ও চাপাতি ছিল। অভিযানের সময় তারা পুলিশের ওপর গুলি চালিয়েছে এবং তাদেরকে কুপিয়েছে।’
মন্ত্রী জানান, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, আহত দুই ওসি দ্রুত সেরে উঠবেন। প্রয়োজনে আহত পুলিশ কর্মকর্তাদের বিদেশে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।
শুক্রবার রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় জঙ্গিরা আস্তানা গেড়ে তৎপরতা চালাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপনগর থানা পুলিশ রাত ৯টার পর অভিযান অভিযান শুরু করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আস্তানা থেকে পুলিশের ওপর চড়াও হলে পুলিশের ওসি শহীদ আলমসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন।









