সারাক্ষণ মুখে নিষ্পাপ হাসি নিয়ে খেলার মাঠে প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়তেন ওলে গানার সলশেয়ার। ভালোবেসে তাই নরওয়ের এ স্ট্রাইকারকে নিষ্পাপ ঘাতক উপাধি দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। সেই নিষ্পাপ ঘাতককে দলের কঠিন সময়ে অন্তর্বর্তীকালীন কোচের পদে নিয়োগ দিলো রেড ডেভিলরা।
মঙ্গলবার তিন মৌসুমের সম্পর্ক ছিন্ন করে পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করেছে ম্যানইউ। তারপর থেকেই শোনা যাচ্ছিল বাকি মৌসুমটা একজন আপদকালীন কোচ দিয়েই পার করে দেবে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চবার শিরোপাধারী দলটি। সেটাই সত্যি হল। রেড ডেভিলদের কিংবদন্তি ওলে গানার সলশেয়ার কাঁধেই বর্তালো কোচের গুরু দায়িত্ব।
‘সলশেয়ার দ্রুতই মূল দলের দায়িত্ব নেবেন। ২০১৮-১৯ মৌসুমের বাকিটা সময় তিনিই দলকে কোচিং করাবেন। সময়টাতে দল একজন পূর্ণ মেয়াদকালীন কোচ খুঁজে বের করবে’ -বিবৃতিতে এমনই জানিয়েছে ম্যানইউ।
১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত প্রায় একযুগ ম্যানইউর হয়ে মাঠ মাতিয়েছেন সলশেয়ার। ম্যাচের অন্তিম সময়ে গোল করার জন্য বিখ্যাত ছিলেন নরওয়ের এ ফুটবলার। ম্যানইউকে অনেকবার বাঁচিয়েছেন শেষ সময়ে গোল করে। চলতি প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে আগামীবার চ্যাম্পিয়ন্স লিগে যাওয়াই হাতছাড়ার শঙ্কায় রেড ডেভিলরা। দলকে পথে ফেরাতে তাই লাস্যময়ী ঘরের ছেলের কাছেই ফিরল ম্যানইউ।







