‘দুর্ভাগ্য হলেও, এখন ইউটিউব ভিউ একটি বাস্তবতা। এ কারণে নাটক টেলিফিল্মের ক্ষেত্রে টিপিক্যাল পপুলার কন্টেন্ট মাথায় রাখতে হয়। নিরীক্ষা বা ধ্রুপদী কাজের সুযোগ কম থাকে।’ চ্যানেল আই অনলাইনকে বলছিলেন চ্যানেল আইয়ের স্বাধীনতা দিবসের প্রশংসিত নাটক ‘গোপিত’ বা চৈত্র সংক্রান্তির রাতে আরটিভিতে প্রচারিত ‘জ্যামপুত্র’ নির্মাতা সাজ্জাদ সুমন।
পাঁচদিনে ‘জ্যামপুত্র’নাটকের ভিউ এসেছে প্রায় ৮ লাখ। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সাবিলা নূর।
‘চুইংগাম’ নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, প্রয়াত শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ এর মত গল্প নিয়ে ধারাবাহিক নির্মাণ করেছি। বর্তমানে ইউটিউবের দাপটে অনেকটাই হালকা বিষয়বস্তুর কাজ করতে হচ্ছে।
সুমন বলেন, আমার মতে ইউটিউবের ভিউয়ের প্রতি অতি নির্ভরশীলতা ভালো ভবিষ্যতের লক্ষণ নয়। ইউটিউব ভিতের ওপর ভিত্তি করে যে কোন নির্মাণের মান বিচার করাটাও ঠিক পদ্ধতি নয়। অনেক ক্লাসিক নির্মাণের ইউটিউব ভিউ বেশি নাও হতে পারে। ইউটিউবের বাইরে কাজ দিয়ে ভালা সাড়া মেলে। আমি আমার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নাটক ‘গোপিত’ নির্মাণটির অসম্ভব সাড়া পেয়েছি ইউটিউবের বাইরের ভুবন থেকে বেশি।’
তিনি আরো বলেন, ‘আমাদের দেশে টিআরপির ওপর আস্থা রাখার জায়গাটাও খুব বেশি নেই। সব মিলে মান নির্ধারণ এবং দর্শক গ্রহণযোগ্যতা যাচাইয়ের আরো অন্য আঙ্গিক খুঁজে বের করাটা জরুরী।’

আসন্ন রোজার ঈদের নাটক নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাজ্জাদ সুমন। ঈদের ৭ পর্বের একটি ধারাবাহিকসহ ৬টি কাজ করছেন সুমন। তিনি বলেন, আরো কাজ করার প্রস্তাব ছিল। কিন্তু মান বজায় রাখতে অল্প কাজ করছি। চ্যানেল আইয়ের ঈদের জন্য নির্মাণ করছেন ‘কলুর বলদ’। ২৭, ২৮ এপ্রিল এক ঘন্টার এ বিশেষ নাটকের শুটিং চলবে। নায়ক রিয়াজ এবং তানিয়া আহমেদ রয়েছেন এর মূল চরিত্রে অভিনয় করছেন। ‘ক্লাসলেস মোখলেস’, ‘ফুটবল ফারুক’, ‘বুক পকেট’ , ‘চান্দে যেতে চাই’ এবং নাম ঠিক না হওয়া একটি প্রোডাকশন্স।
সিনেমায় এখন নতুন নির্মাতাদের বিশেষ করে টেলিভিশনে প্রথম পরিচিত পাওয়া নির্মাতাদের গ্রহণযোগ্যতা অন্য সব সময়ের চাইতে অনেক বেশি। ‘আপনি সিনেমা নির্মাণে আসবেন না?’ প্রশ্নে ‘ছলে বলে কৌশলে’ নির্মাতা বলেন, অবশ্যই এখন নির্মাতার জন্য সিনেমা সবচেয়ে বড় মাধ্যম। সিনেমা নির্মাণের তীব্র ইচ্ছা রয়েছে। দুটি চিত্রনাট্য প্রস্তুতও রয়েছে। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ইচ্ছা রয়েছে।’








