আদালত

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ চ্যালেঞ্জের রিট খারিজ

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ চ্যালেঞ্জের রিট খারিজ

একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট ‘উত্থাপন হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে বুধবার এ রিটের উপর শুনানি শেষ হলে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। সে অনুযায়ী বিষয়টি বৃহস্পতিবার আদেশের জন্য এলে রিটকারী পক্ষের আইনজীবী আদালতকে বলেন, ‘রিটটি ‘নট ইন ফর্ম’ তাই আমরা এটা উত্থাপন করছি না।’ এ পরিপ্রেক্ষিতে আদালত রিটিটি ‘উত্থাপন হয়নি’ মর্মে খারিজ করে আদেশ দেন।

আদালতে এ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন এই রিটটি আবার আদালতে উপস্থাপন করা হবে।

গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন।

এ রিটে দশম জাতীয় সংসদের ‘মেয়াদ শেষ হওয়ার আগেই’ একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন শপথ গ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…