টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার সকালে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এ ঘোষণা দেন।
লতিফ সিদ্দিকীর বরাত দিয়ে তার ভাতিজা ও একান্ত সহকারী ঝিন্টু সিদ্দিকী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ঝিন্টু সিদ্দিকী বলেন, সকালে আব্দুল লতিফ সিদ্দিকী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে কোন কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এ সে বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করবেন না লতিফ সিদ্দিকী।
লতিফ সিদ্দিকীর বরাত দিয়ে তিনি আরো জানান, লতিফ সিদ্দিকী এখনো মনেপ্রাণে দল ও শেখ হাসিনার অনুগত কর্মী বলেই নিজেকে বিশ্বাস করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সেটিও একটি কারণ।
গত রোববার সকালে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ তিন দফা দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওইদিন দুপুর থেকে অবস্থান অনশন ধর্মঘট পালন করছিলেন।
অবস্থান ধর্মঘটের চতুর্থ দিনে গত বুধবার আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়।







