নির্বাচনে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর এই প্রথম নিজের হতাশার বিষয়ে মুখ খুললেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। নির্বাচনের এক সপ্তাহ পর এই প্রথম জনসমক্ষে এলেন তিনি।
শিশুকল্যাণ বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হিলারি বলেন, নির্বাচনে হারার পর তার মনে হয়েছিল “একটা ভালো বই নিয়ে গুটিশুটি হয়ে শুয়ে থাকি, আর কোনোদিন বাসা থেকে বের না হই”।
তবে এরপরও আমেরিকান মূল্যবোধ রক্ষার জন্য লড়াই চালিয়ে যেতে এবং ‘কখনো হাল না ছাড়তে’ অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি হিলারি অনুরোধ জানান।
বিধ্বস্ত চেহারা এবং কোনো রকম নিরাপত্তা সদস্য ছাড়াই উপস্থিত হওয়া হিলারি বলেন, “এখন আমি স্বীকার করব যে, আজ রাতে এখানে আসাটা আমার জন্য খুব সহজ কাজ ছিল না।” তবে চিলড্রেনস ডিফেন্স ফান্ড আয়োজিত ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় সম্মানিত বোধ করছেন বলে জানান তিনি।
হিলারি ক্লিনটন জনগণের ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজের ভোটে হেরে যান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে।







