আন্তর্জাতিক

নির্বাচনে ‘রুশ হ্যাকিং’ তদন্তের নির্দেশ দিলেন ওবামা

নির্বাচনে ‘রুশ হ্যাকিং’ তদন্তের নির্দেশ দিলেন ওবামা

গত ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার কথিত সাইবার হামলা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ জানিয়েছে, ‘হ্যাক’ হয়েছে এমন ই-মেইলগুলো বিস্তারিত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ডেমোক্রেটিক দলের ই-মেইল এবং প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের একজন ঘনিষ্ঠ সহযোগীর তথ্য রাশিয়া হ্যাক করেছে। একই সঙ্গে রাশিয়া আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে গত অক্টোবরে অভিযোগ করেন মার্কিন কর্মকর্তারা।

কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অগ্রাহ্য করে এসেছেন। বলেছেন, রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

অন্যদিকে ডেমোক্রেটিক দল বলে, এ হ্যাক করার চেষ্টা করা হয়েছিল হিলারি ক্লিনটনকে অপদস্থ করার উদ্দেশ্যে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সেজন্য তিনি এর তদন্ত করতে বলেছেন। কারণ আমেরিকা তাদের নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা এবং অখণ্ডতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।

হোয়াইট হাউজের এই কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট ওবামার দায়িত্ব শেষ হবার আগেই তদন্ত কাজ শেষ হবে এবং তার ফলাফল নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেয়া হবে।

বিষয়:বারাক ওবামা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…