সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে পুরাণ ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যায়। এসময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে রায়সাহেব বাজার মোড় অবরোধ করে। অবরোধ চলবে দুপুর দুটো পর্যন্ত।
বুধবার সকালে জকসুর দাবিতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল জবি শিক্ষার্থীদের, তারা তাদের পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি স্থগিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে নামে।শিক্ষার্থীদের অবরোধের ফলে পুরাণ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে। তবে তারা এ্যাম্বুলেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গাড়ির জন্য রাস্তা ছেড়ে দেয়।
অন্যান্য দাবির সাথে জবি শিক্ষার্থীরা আরো ৪ টি দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো, জবিতে বাসের ডাবল ট্রিপ চালু করতে হবে, অবিলম্বে নতুন কেনা তিনটি বাস চালু করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে এবং সেকেন্ড গেট থেকে লেগুনা ও বাসস্ট্যান্ড সড়াতে হবে।
বৃহস্পতিবার সকল ক্লাস পরীক্ষা বর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করবেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।









