ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড-২ এর আসর বসতে যাচ্ছে আগামী ৪ মার্চ। নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশে আসেনি কানাডা হকি দল। তবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের নিরাপত্তা কর্মকর্তা।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার ওয়ার্ল্ড হকি লিগ নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা টুর্নামেন্টের নানা দিক তুলে ধরেন। সফরে আসা দলগুলোকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান হকি ফেডারেশন সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ।
রহমতউল্লাহ বলেন, টুর্নামেন্টের সার্বিক দিক মাথায় রেখে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের নিরাপত্তা কর্মকর্তা এডুয়ার্ডো লিওনার্দো। বাংলাদেশ সফরে কোন ঝুঁকি নেই বলে সংবাদ সম্মেলনে জানান এই নিরাপত্তা বিশ্লেষক।
দুই পুলে ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। কানাডার বদলে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মালয়েশিয়া।
পুল-এ’তে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ওমান, ফিজি এবং মালয়েশিয়া। আর পুল-বি’র দলগুলো হচ্ছে- চায়না, মিশর, ঘানা এবং শ্রীলঙ্কা।
উদ্বোধনী দিনে বিকেল ৪টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।







