বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করছে মহামারী করোনাভাইরাস। ওয়ার্ল্ড হেলথ ওয়ারগানাইজেশনের দেয়া তথ্য মতে, চীন থেকে ছড়িয়ে বিশ্বের ১৭৩টির বেশি দেশে করোনা বিরাজমান। এতে করে চীন, ইতালি, স্পেন, জার্মান, ইরানসহ আরও দেশ মিলিয়ে মারা গেছে প্রায় ১০ হাজার মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, দিনে দিনে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ ১৭ জন করোনা আক্তান্ত রোগী চিহ্নিত হয়েছে। এরমধ্যে মারা গেছেন একজন। তাই দেশব্যাপী এখন আতঙ্ক বিরাজ করছে। এখনও পর্যন্ত করোনাভাইরাস ঠেকাতে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। শুধুমাত্র সচেতন থেকেই এ ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব।
সরকারিভাবে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনা ছড়ানোর পাশাপাশি বাংলাদেশের ছোট ও বড় পর্দার তারকা নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরাও করোনা নিয়ে সোচ্চার। চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নিজেও এগিয়ে এলেন করোনাভাইরাস প্রতিরোধে সচেতনা তৈরিতে।
তিনি তার অফিসিয়ান ফ্যান পেজে বুধবার সন্ধ্যায় দেয়া এক পোস্টে করোনায় সচেতন থাকার কথা উল্লেখ করে বলেছেন, ‘সবাই সচেতন হোন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ করে দিন। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন।’
শাকিব খান আরও লিখেছেন, কোভিড-১৯ যা সবার কাছে করোনাভাইরাস নামে পরিচিত। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এ ভাইরাস প্রতিরোধ করা। নিয়মিত হাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থেকে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশা না করে এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। যে কোনো ধরনের অনুষ্ঠান, জনসভা, জনসমাগম আছে এমন জায়গা এড়িয়ে চলতে হবে।
‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। করোনাভাইরাসের সংক্রমণের পর লক্ষণ প্রকাশে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।’-চিকিৎসকদের দেয়া এমন পরামর্শের কথাও শেয়ার করেন শাকিব।







