বিশ্বকাপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। ফলে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা বিরাট কোহলির দলের। কিন্তু ওই ম্যাচে ভারত জয় পেলেও সঙ্গে ছিল বিতর্ক। যার কারণ ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার আউট।
২৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান রোহিত। কিন্তু টিভি রিপ্লেতে টেকনোলজির সাহায্যে দেখা যায় রোহিত আউট ছিলেন না।
ফিল্ড আম্পায়ারও নটআউট দিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নেয়। তারপরেই টিভি আম্পায়ার মাইকেল গফ সিদ্ধান্ত বদলে আউট ঘোষণা দেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্ক হয়।
এবার নিজের সেই আউটের ছবি পোস্ট করেছেন রোহিত। ছবিতে দেখা যাচ্ছে রোহিতের ব্যাট এবং বলের মধ্যে দূরত্ব রয়েছে এবং তখন ব্যাটে না লেগে বল তার ডান পায়ের প্যাডে লাগছে।
এদিকে, এই আউট বিতর্কের মধ্যে বদলে গেছে ম্যাচে সংশ্লিষ্ট থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা মাইকেল গফের উইকিপিডিয়া পেজের তথ্যও। সৌজন্যে এক ক্ষুব্ধ ক্রিকেট অনুরাগী।
শুধু রোহিত শর্মা নন, এবারের বিশ্বকাপে বিতর্ক আছে বাংলাদেশের লিটন দাস ও সৌম্য সরকারের আউট নিয়েও। আফগানিস্তানের বিপক্ষে এই দুজনকেই বিতর্কিত আউট দেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা পাকিস্তানের আলিম দার।







