নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজ খেলা হচ্ছে তামিম ইকবালের। টাইগার ওপেনার অনেকদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন। জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজের আগে দেশে ফিরে আসেন ওয়ানডে অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজেও ছিলেন না তামিম।
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড ঢাকায় আসবে আগামী ২৪ আগস্ট। বৃহস্পতিবার ১৯ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারা মুশফিকুর রহিম, লিটন দাস, আমিনুল ইসলাম বিপ্লব ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পরও টিকে গেছেন সৌম্য সরকার।
মিরপুরে প্রথম টি-টুয়েন্টি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।







