নিয়মিতই বছরের শেষভাগে নিউজিল্যান্ড সফর করে আসছে বাংলাদেশ দল। আশা নিয়ে গিয়ে বারবারই ফিরতে হয় হতাশা সঙ্গী করে। একবার শুধু টেস্ট জিতে সফর রঙিন করেছিল টিম টাইগার্স। অথচ সাদা বল আর রঙিন পোশাকের ফরম্যাটে এখনও কিউইদের মাটিতে তাদের হারাতে পারেনি বাংলাদেশ। বরাবরের মতো এবারও আশা আছে। সেটি মিটবে কিনা তা-ই প্রশ্ন।
ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছিল বাংলাদেশ। বুধবার ভোরে নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। হারের চক্র ভাঙার চেষ্টায় সফল হতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে ১৭ ওয়ানডে খেলে সবকটিই হেরেছে বাংলাদেশ। ডানেডিনে গত রোববার তিন দফায় বৃষ্টিতে বিঘ্ন হওয়া ম্যাচ নেমে এসেছিল ৩০ ওভারে। নিউজিল্যান্ড তোলে ৭ উইকেটে ২৩৯ রান। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় আড়াইশর কাছে। ৩০ ওভারে তারা যেতে পারে ২০০ পর্যন্ত।
দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘ম্যাচ হারা সবসময় হতাশার। আমাদের কিছুই করার ছিল না, বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরু দারুণ হয়েছিল, অন্যপ্রান্ত থেকে আমাদের আরও ভালো করা দরকার ছিল। কন্ডিশনকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আর বারবার খেলা বন্ধ হওয়ায় ক্যাপ্টেন চাপে পড়ে যাচ্ছিল।’








