নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে অস্ট্রেলিয়া। সেখানে এক ম্যাচ হাতে রেখে টেবিলের তিনে কিউইরা। সেমিফাইনালের স্বপ্নে খানিকটা ধাক্কাই খেল উইলিয়ামসনের দল। তাদের ঘিরে থেকে যাচ্ছে নানা হিসাব-কিতাব ও শঙ্কাও!
নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। তার আগে রোববার ভারতের বিপক্ষে স্বাগতিকরা যদি জেতে, তাহলে ওই ম্যাচটি হবে দুদলের জন্যই মহাগুরুত্বপূর্ণ লড়াই। ভারতের বিপক্ষে জয়ের পর কিউই-ইংলিশ ম্যাচে মরগানের দল জিতে গেলে, তাদের পয়েন্ট হবে ১২, চলে যাবে সেমিতে। উইলিয়ামসনের দলের পয়েন্ট থেকে যাবে ১১-তেই।
এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৪। ভারতেরও পয়েন্ট ১১, তবে কোহলির দল খেলেছে কেবল ৬ ম্যাচ। ওদিকে এক ম্যাচ হাতে রেখে ৯ পয়েন্ট পাকিস্তানের। শেষ ম্যাচে তারা বাংলাদেশের বিপক্ষে জিতে গেলে পয়েন্ট হবে ১১। আবার বাংলাদেশ নিজেদের শেষ দুম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিতে গেলে পয়েন্ট হবে ১১।
সেক্ষেত্রে এক ম্যাচ আগেই অস্ট্রেলিয়ার সেমি নিশ্চিত হয়েছে প্রথম দল হিসেবে। ভারত আর এক ম্যাচ জিতলেই নিশ্চিত সেরা চার। আর নানা হিসাব-কিতাবে পড়ে যাবে নিউজিল্যান্ড। এমনকি ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান যদি নিজেদের ম্যাচের ফল নিজেদের দিকে টেনে নিতে পারে, এবং অন্য ম্যাচের ফলে সৌভাগ্যের ছোঁয়া নিজেদের দিকে পায়, তখন নিউজিল্যান্ডের রানরেটের হিসাব বড় হয়ে উঠবে। শঙ্কার পিঠে রানরেটে ভালো অবস্থায় থাকা কিউইদের ভরসা।
লর্ডসে এদিন শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২৪৩ রান জমাতে পারে অস্ট্রেলিয়া। জবাবে ৪৩.৪ ওভারে ১৫৭ রানেই শেষ নিউজিল্যান্ড।
একশর আগেই পাঁচ উইকেট হারানো অজিদের পথে রাখেন উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি। খাজা ৮৮ এবং ক্যারি ৭২ রানের ইনিংস খেলেন। স্টয়নিস ২১ ও কামিন্সের অপরাজিত ২৩ তাদের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়।
নিউজিল্যান্ডের হয়ে ৫ রানে চার উইকেট নেয়া ট্রেন্ট বোল্ট এই বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন। প্রথম কিউই হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক আনেন এ পেসার। ২টি করে উইকেট নেন ফার্গুসন ও নিশাম।
জবাব দিতে নেমে কিউইদের অর্ধেক ব্যাটসম্যান দুঅঙ্কের দেখা পেলেও কেউই ফিফটি পর্যন্ত যেতে পারেনি। অধিনায়ক উইলিয়ামসনের ৪০-ই সর্বোচ্চ। পরের টেলরের ৩০ ও গাপটিলের ২০ ছাড়া বাকিদের কেউ বিশের ঘর ছুঁতে পারেননি।
উড়তে থাকা মিচেল স্টার্ক ২৬ রানে ৫ উইকেট নিয়ে কিউইদের চেপে ধরেছেন। বেহরেনডর্ফ নিয়েছেন ২টি উইকেট।







