ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল মেয়েরা

বাংলাদেশের নারী ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের পাশে দাঁড়িয়ে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News – চ্যানেল আই নিউজ

ওপেনিং জুটিতে আবারও ফিফটি পেরোলো বাংলাদেশ। তাতে জাগল বড় সংগ্রহের আশা। কিন্তু ২৭ ওভারের ম্যাচে দেড়শও করতে পারল না টিম টাইগ্রেস। ১৪১ রানের লক্ষ্য শক্তিশালী নিউজিল্যান্ড টপকে গেছে ৭ ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে।

সুজি বেটস ৭৯ ও অ্যামেলা কের ৪৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সোফি ডেভিন ১৪ রান করে বোল্ড হন সালমা খাতুনের বলে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সালমা-রুমানাদের পরের ম্যাচ ১৪ মার্চ, হ্যামিল্টনে। প্রতিপক্ষ পাকিস্তান।

বৃষ্টির কারণে খেলা শুরু হতে প্রায় চার ঘণ্টা বিলম্ব হয়। খেলার দৈর্ঘ্য কমে হয় ২৭ ওভার। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। একাদশ তো বটেই, টাইগ্রেস ব্যাটিং অর্ডারেও আসে বদল।

ওপেনিংয়ে শামীমা সুলতানার সঙ্গী হন ফারজানা হক পিংকি। ৫৯ রানের জুটি আসে ৯.২ ওভারে। শুরুর মতো ব্যাটিং করতে পারলে অনায়াসেই দেড়শ পেরোতে পারত বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ফেলা যেতো চ্যালেঞ্জে।

৩৬ বলে চারটি চারে ৩৩ করে আউট হন শামীমা। আরেক ওপেনার ফারজানা ফিফটি পেরিয়ে হন রান আউট। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। ৬৩ বলে ৫২ রানের ইনিংসে চারের মার মাত্র একটি।

তিনে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা ১৩ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন। সোবহানা মোস্তারি ১৩ রান করলেও খেলেন ২১ বল। আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

নিউজিল্যান্ড মেয়েদের মধ্যে অ্যামি স্যাটারওয়েট নেন তিনটি উইকেট। ফ্রেন্সেস ম্যাককে ও হেয়লি জেনসেন একটি করে উইকেট নেন।

বিষয়:নিউজিল্যান্ড ফারজানা বাংলাদেশ শামীমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…