বিনোদন

নায়কেরই জয় হলো!

নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

সিনেমার পর্দায় এখনও নায়ক-ভিলেনের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকেন দর্শক! যদিও শেষমেষ জয় হয় নায়কেরই! সিনেমার পর্দার সেই নায়ক-ভিলেন মুখোমুখি হয়েছিলেন ভোটযুদ্ধে! যেখানে জয় হলো নায়কেরই!

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে এফডিসিতে উৎসবমুখর পরিবেশে দিনভর চলে ভোট গ্রহণ। যে নির্বাচনে মুখোমুখি হন দুই প্যানেলের তারকা অভিনয় শিল্পীরা। আর দুই প্যানেলের নেতৃত্বে প্রধান দু’জনের একজন পর্দার কালজয়ী নায়ক ইলিয়াস কাঞ্চন এবং অন্যজন বাংলা সিনেমার প্রতিষ্ঠিত ভিলেন মিশা সওদাগর!

আগামি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতে সভাপতি হিসেবে শিল্পীরা কাকে বেছে নেবেন, পর্দার নায়ককে নাকি ভিলেনকে? এমন প্রশ্নেই চলচ্চিত্রপ্রেমীরা ঘুরপাক খাচ্ছিলেন নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত।

বহু প্রতীক্ষার পর শনিবার ভোর পৌনে ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন জানালেন, ভিলেন নয়, সিনেমার মতো বাস্তবেও জয় হলো নায়কের! মিশা সওদাগরকে শিল্পী সমিতির ভোটের মাঠেও পরাজিত করেছেন ইলিয়াস কাঞ্চন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন, ভোট বাতিল হয়েছে ১০টি।

নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

এদিন দুপুরে এফডিসিতে প্রায় সময়ই একসঙ্গে আলাপে-আড্ডায় মেতে উঠতে দেখা যায় কাঞ্চন-মিশাকে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে কাঞ্চনকে এসময় বলতে শোনা যায়, “ভোটের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দ্বিমুখী হলেও আমরা এক। আমাদের দেখে দেশবাসীর জানা উচিত। অন্যদের নির্বাচন শেখা উচিত।”

বিষয়:অভিনয় অভিনেতা ইমন ইলিয়াস কাঞ্চন এফডিসি চিত্রনায়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…