নারায়ণগঞ্জে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর-সুষ্ঠু, আশাবাদ সিইসি’র
ভোটারের থেকে নিরাপত্তা বাহিনী বেশি থাকবে

A Bangladeshi man wearing glasses and a suit speaking at a press conference with multiple microphones in front. Channel i News – চ্যানেল আই নিউজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটের সুন্দর পরিবেশ রয়েছে জানিয়ে সুষ্ঠ ভোট গ্রহণের বিষয়ে আশাবাদ রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার নারায়নগঞ্জ নগরীর মর্গান গার্লস স্কুলে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচনের ভোটারদের আশ্বস্ত করে নূরুল হুদা বলেন, ভোটারের থেকে নিরাপত্তা বাহিনী বেশি থাকবে। পুলিশের বিশেষ বাহিনী এদিন ভোট কেন্দ্রগুলো পাহারা দেবে। দেশবাসী ভালো ভোট দেখবে।
এসময় ব্যক্তিগত রাজনৈতিক আদর্শের জায়গা পরিহার করে প্রিসাইডিং কর্মকর্তাদের দল মতের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি।
নির্বাচনের আগ মুহূর্তে সংবাদ সম্মেলন করে সাংসদ শামীম ওসমানের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভির পক্ষে কাজ করার ঘোষণাকে আচরণ বিধি লংঘন বললেও- তা শাস্তি যোগ্য অপরাধ নয় বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় ভোটের মাঠে নির্বাচনী কর্মকর্তাদের গায়ে বুলেট-বোমার আঁচ লাগবে না বলে সিইসিকে আশ্বস্ত করেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
বুধবার বিকালে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেবেন সিইসি। জেলা প্রশাসকের কার্যালয়ের ওই সভায় রিটার্নিং কর্মকর্তাসহ আইশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা থাকবেন।






