নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায় মৃত্যু ও বিক্ষুব্ধ জনতার পিটুনিতে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার রাইজদিয়া এলাকায় সোনারগাঁও পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে আব্দুল মতিন নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়। এই ঘটনার বিক্ষুব্ধ জনতার ইটপাটকেল নিক্ষেপ ও পিটুনিতে আরিফুজ্জামান নামের পুলিশের এক কনস্টেবলের নিহত হয়।
এ ঘটনায় বুধবার রাতেই সোনারগাঁও থানার সাব ইন্সপেক্টর আল আমীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ সুপার।
কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) ফোরকান সিকদার ও জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মামুনুর রশিদ মন্ডল।
আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নিদের্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে পুলিশ কনস্টেবল আরিফুজ্জামানের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হযেছে। আব্দুল মতিনের ময়না তদন্ত এখনো সম্পন্ন হয়নি।








